ফেনীতে ভেজাল মেশানোর অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত ফলে ফরমালিন ও মসলায় ইটের গুঁড়া মেশানোর অপরাধে তিনটি প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার ফেনীর জেলা প্রশাসন ও র্যাবের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা যোবায়ের আহামঞ্চদ এ আদালত পরিচালনা করেন। শহরের মহিপালের ফলের আড়তে দুটি দোকানে চীন থেকে আমদানি করা ছোট কমলা এবং বিশেষ জ্যাকেট পরানো আপেল পরীক্ষায় সর্বোচ্চ ফরমালিনের মাত্রা পাওয়া যায় ২ দশমিক ৯৭ পিপিএম। দোকান দুটিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে মহিপাল ফল মার্কেটের সবগুলো দোকান বন্ধ হয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত ফলের বাজারে চীন থেকে আমদানি করা ছোট কমলা এবং বিশেষ জ্যাকেট পরানো ফরমালিন মেশানো শত শত কার্টনের মধ্যে মাত্র একটি কমলা ও একটি আপেলের কার্টনের ফল ধ্বংস করেন। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন। ফল ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা আমদানিকারকদের কাছ থেকে ফরমালিনমুক্ত ডকুমেন্ট দেখেই ফল কিনেছেন। বন্দরের দুর্নীতির কারণে ফরমালিনযুক্ত ফল দেশে আনার সুযোগ পাচ্ছে আমদানি-কারকেরা। আর এ জন্য আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। অপর দিকে শহরের তাকিয়া রোডের মেসার্স তন্ময় ট্রেডার্স নামের একটি মসলার দোকানের গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভেজাল মিশ্রণের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ রং, ইটের গুঁড়া ও পচা মরিচ। ভ্রাম্যমাণ আদালত এ দোকানের মালিক টুটুল চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল দ্রব্য ধ্বংস করেন।