ফেনীতে মক্কেলের হাতে আইনজীবী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আদালত ভবনে আইনজীবী হুমায়ুন কামাল এক মক্কেলের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নুরুজ্জামান নামে এক মক্কেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও পুলিশ সূত্র জানায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আওয়ামী লীগের নেতা রশিদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি একই উপজেলার আহম্মদপুর গ্রামের লাতু মিয়ার ছেলে সেন্টু মিয়া কিছুদিন আগে হাইকোর্ট থেকে জামিন নেন। পরে ৫০ হাজার টাকা মুচলেকায় ফেনী জজকোর্টের আইনজীবী হুমায়ুন কামালের জিম্মায় নিম্ন আদালতে কাগজপত্র জমা দেন।

সেন্টু মিয়া গতকাল ওই মামলায় ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আসামির পক্ষে তদবিরকারী সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান আগে নিয়োগ করা আইনজীবীকে বাদ দিয়ে অন্য আইনজীবী নিয়োগ করেন এবং এ আইনজীবীর মাধ্যমে আসামি সেন্টু মিয়াকে আদালতে হাজির করেন। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার পর প্রথমে নিয়োগ করা আইনজীবী হুমায়ুন কামাল আইনজীবী পরিবর্তনের বিষয়টি নুরুজ্জামানের কাছে জানতে চান। মক্কেলের কাছে সন্তোষজনক জবাব না পেয়ে ওই আইনজীবী আসামির পক্ষে জমা দেওয়া তাঁর জামিননামা প্রত্যাহারের হুমকি দেন। এতে নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুজনের মধ্যে তীব্র বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়।

এ সময় অন্য আইনজীবীরা এগিয়ে এসে হুমায়ুন কামালকে ছাড়িয়ে নেন এবং নুরুজ্জামানকে আদালতে উপস্থিত পুলিশে সোপর্দ করেন। ওই ঘটনায় আইনজীবী হুমায়ুন কামাল বাদী হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আইনজীবী সমিতির সদস্য হুমায়ুন কামালের সঙ্গে অসদাচরণকারী ওই মক্কেলের বিরুদ্ধে মামলা করার জন্য বারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ থানায় মামলা হওয়ার ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।