ফেনীতে মজুরি বৃদ্ধির দাবি পাঁচ দর্জি শ্রমিক আহত
ফেনীতে মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে পাঁচজন দর্জি শ্রমিক মালিকপক্ষের লোকজনের হাতে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন বিকেলে শহরে মিছিল ও জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসকের কাছে দেওয়া দর্জি শ্রমিকদের স্মারকলিপি সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁদের মজুরি বৃদ্ধির জন্য বিভিন্ন মালিকপক্ষের বরাবরে বৈঠকে বসার জন্য চিঠি দেওয়া হয়। ইতিমধ্যে তাঁদের সঙ্গে মালিকপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির চিঠি দেওয়ায় মালিকপক্ষের কেউ কেউ ক্ষিপ্ত হন।গত শনিবার একজন মালিক তাঁর কারখানার শ্রমিকদের গালমন্দ করে কারখানা থেকে বের করে দিয়েছেন। বিষয়টি সাধারণ শ্রমিকেরা জানার পর তাঁরাও ক্ষিপ্ত হন এবং এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য রোববার (গতকাল) সকালে শহরের ডাক্তারপাড়া কার্যালয়ে সভা ডাকা হয়।গতকাল সকালে শ্রমিকদের সভায় আসার পথে দর্জিপট্টি চাঁদনী টেইলার্সের মালিক রুহুল আমিনসহ অন্য শ্রমিকদের ওপর হামলা ও মারধর করে। এতে মিয়া (২৫), জুয়েল (২৭), আবুল বশর (২৩), আমির হোসেন (২৭) ও মহিউদ্দিন (২৯) আহত হন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিতে আগামী বছরের জন্য মালিকপক্ষের সঙ্গে চুক্তিনামা স্বাক্ষরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এ বিষয়ে জানার জন্য চাঁদনী টেইলার্সের মালিক রুহুল আমিনকে পাওয়া যায়নি। তবে শহরের এসএসকে রোডের পপি ফেব্রিক্স কারখানার মালিক মাহতাব মুন্না জানান, শ্রমিকেরা কয়েক দিন পরপরই অন্যায়ভাবে মালিকপক্ষের কাছে অযৌক্তিক দাবি নিয়ে আসেন। ইতিমধ্যে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কারখানা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে। তিনি শ্রমিকদের ওপর হামলার কথা অস্বীকার করেন।