বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৮ ও ৯ মার্চ চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ও ৮ জানুয়ারি বিকেলে ফেনী পাইলট হাইস্কুল মাঠে জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে ফেনীতে মহিলা দলের উদ্যোগে শহরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে মহিলা দলের প্রচার শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্র্যাংক রোডে প্রেসক্লাব চত্বরে এক সমাবেশের আয়োজন করে। ফেনী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী জুলেখা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বক্তব্য দেন সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), রেহানা আক্তার রানু, মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী নূরে আলম চাপা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ আবার দেশে একদলীয় বাকশাল সরকার কায়েম করতে চায়। এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বৃহত্তর নোয়াখালী বিএনপির ঘাঁটি। ৮ জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠের জনসভা থেকে খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনের ডাক দেবেন। ফেনীর জনসভা সফল করার জন্য নেতারা আহ্বান জানান।