ফেনীতে মা ও ছেলেকে পাঁচ বছর গৃহবন্দী রাখায় মামলা
ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি এলাকায় মা-ছেলেকে পাঁচ বছর একটি ঘরে বন্দী করে রেখে মানবেতর জীবনযাপনে বাধ্য করার অপরাধে ফেনী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস ফেনী শাখার সভাপতি সৈয়দ আবুল হোসেন এ মামলা দায়ের করেন।
মামলায় জাহানারা বেগমের ভাই শেরশাহকে আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে জাহানারার দুই বোনসহ অন্য আত্মীয়স্বজন এবং তাঁর সাবেক স্বামীর ভাই ও আত্মীয়স্বজন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়। জাহানারার দুই বোনসহ অন্য আত্মীয়স্বজন মা ও ছেলের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। অপর দিকে সাবেক স্বামীর ভাই ও আত্মীয়স্বজন ছেলে মেহেদী ইসলামের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ইতিমধ্যে থানায় একটি মামলা হওয়ায় বিষয়টি নিয়ে আইনি জটিলতা দেখা দেয়।
বর্তমানে মা জাহানারা বেগম ও ছেলে মেহেদী ইসলামকে ফেনী সদর হাসপাতালেই থাকতে হচ্ছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ মা ও ছেলেকে ঘরে বন্দী করে রাখার ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই পক্ষ সমঝোতার মাধ্যমে তাঁদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিতে রাজি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মামলা হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মা-ছেলের চিকিৎসা ও যাবতীয় বিষয়টি আদালতের এখতিয়ারে চলে গেছে। এখন ভাইবোনের পক্ষ ও স্বামীর পক্ষকে আদালতেই সমঝোতা করতে হবে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, ফেনী সদর হাসপাতালের ভিআইপি কেবিনে মা-ছেলের সাময়িক চিকিৎসা চলছে। কিন্তু তাঁদেরকে ফেনী হাসপাতালে বেশি দিন রাখা সম্ভব নয়। তাঁদের ভালো চিকিৎসার জন্য দ্রুত ঢাকা অথবা চট্টগ্রাম পাঠানো ভালো হবে।