ফেনীতে মাইক্রোবাস-ভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
ফেনীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাইক্রোবাস-ভর্তি ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আটক করা ফেনসিডিলের মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর বিসিক শিল্পনগর রাস্তার মাথা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় কুমিল্লার চৌদ্দগ্রামের দিক থেকে একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৫৪৬৯) চট্টগ্রামের দিকে অগ্রসর হতে দেখে ডিবি পুলিশ ওই মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশও তাদের ধাওয়া করে এবং ফেনীর মহিপাল এলাকায় মাইক্রোবাসটিকে আটক করে। পুলিশ মাইক্রোবাস তল্লাশি করে ৪৮০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করে। এ সময় মাইক্রোবাসে থাকা অপর তিন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালীর আবদুল লতিফের ছেলে রাসেল (৩৫) এবং পাহাড়তলীর মো. নাসিরের ছেলে রফিকুল ইসলাম সুমন (২৫)। সুমনের মূল বাড়ী নোয়াখালীর সেনবাগে। ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি ডিবি) মো. সোলায়মান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় মাইক্রোবাস-ভর্তি ফেনসিডিল উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।