ফেনীতে মাছের গুণগত পোনা উৎপাদনবিষয়ক কর্মশালা
ফেনীতে উন্নত ও গুণমানসম্পন্ন মাছের পোনা উৎপাদন এবং বিতরণের সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল দাগনভূঞার নেয়াজপুর হাইটেক হ্যাচারি ও ফিশারিজ খামারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বলা হয়, অন্তঃপ্রজননজনিত কৌলিতাত্ত্বিক (বংশগত) অবক্ষয় রোধে উন্নত গুণমানসম্পন্ন ব্রুডমাছ (বিএফআরআই-চৌদ্দ জেনারেশন) সরবরাহ এবং ওই ব্রুডমাছ থেকে উচ্চমানসম্পন্ন পোনা উৎপাদনের লক্ষ্যে ওয়ার্ল্ডফিশ ও আরএফ-এলডিসি-ডানিডা যৌথভাবে কাজ করছে। ফলে ফেনীসহ পাশের জেলাগুলোর মাছচাষিরা উন্নত পোনা সংগ্রহ করতে পারছেন। আরএফএলডিসি-ডানিডার অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ সেন্টারের কারিগরি সহায়তায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. মানিক মিয়া, আরএফএলডিসির সমন্বয়কারী পলাশ কুমার চক্রবর্তী, গবেষণা সহকারী শহীদ নাসরুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মো. ছরওয়ার জাহাঙ্গীর ও মো. মিজানুর রহমান চাষিদের বিভিন্ন লাভজনক দিক তুলে ধরেন।