ফেনীতে মাদ্রাসাছাত্রী অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে গত রোববার রাতে এক মাদ্রাসাছাত্রী (১৫) অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ওই ছাত্রীর বাবা কাজী শফিকুর রহমান জানান, রোববার দিবাগত রাতে তাঁর মেয়ে আকলিমা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কুপিবাতি নিয়ে ঘরের বাইরে যায়। একপর্যায়ে তার চিৎকার শুনে ঘরের লোকজন বাইরে গিয়ে দেখে, তার পুরো শরীরে আগুন জ্বলছে। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।কাজী শফিকুর রহমান আরও জানান, আকলিমা বর্তমানে ঠিকমতো কথা বলতে পারছে না। সুস্থ হয়ে ওঠার পর বলা যাবে, সে কীভাবে অগ্নিদগ্ধ হয়েছে। আকলিমা পূর্ব ঘোনিয়ামোড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অনেকে ধারণা করছেন, দুর্বৃত্তরা তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। কারও কারও ধারণা, কুপিবাতি থেকেও মেয়েটির শরীরে আগুন ধরে যেতে পারে।ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইফুল ইসলাম বলেন, মেয়েটির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।