হেফাজতে ইসলামের ফেনী জেলার নেতারা দাবি করেছেন, তাঁদের দাবির মুখে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী শহরে ভাস্কর্য স্থাপন না করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর একটি কমিউনিটি সেন্টার সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।আগামীকাল বৃহস্পতিবার ফেনীর মহিপাল এলাকায় চাড়িপুর কোব্বাদ আহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে সংগঠনটির ১৩ দফা দাবির সমর্থনে শানে রেসালাত সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রহীম উল্লাহ কাসেমীসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সমাজে হিংসা, হানাহানি, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামের ওপর নাস্তিকদের আঘাতের প্রেক্ষাপটে হেফাজতে ইসলামকে আন্দোলনে নামতে হয়েছে। এ আন্দোলনে দেশের সব মুসলমানকে শরিক হতে আহ্বান জানানো হচ্ছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কমিটির সদস্য মাওলানা ওমর ফারুক তাঁদের ১৩ দফা দাবির ৬ নম্বর দাবি ‘ভাস্কর্য ও বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ’ প্রসঙ্গটি উল্লেখ করেন। তিনি বলেন, তিন দিন আগে শহরের ইমাম ও তাঁদের নেতাদের সঙ্গে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর বৈঠক হয়। বৈঠকে মেয়র নিজাম উদ্দিন হাজারী মিজান রোডের মোড়ে ব-দ্বীপে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের উদ্যোগ বাতিল করে ফোয়ারা নির্মাণের প্রতিশ্রুতি দেন। জেলা হেফাজতে ইসলামের দাবির বিষয়টি মেয়র নিজাম উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বৈঠকের কথা স্বীকার করে বলেন, ‘ব-দ্বীপটিতে ভাস্কর্য স্থাপন করার প্রয়োজনীয় জায়গা নেই। তাই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় ছাগলনাইয়া ও পরশুরাম সড়কের সংযোগস্থলে ভাস্কর্যটি স্থাপন করা হবে। ভাস্কর্য স্থাপন করা হবে না—এমন প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি।’