ফেনীতে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিতের ঘটনায় ওসি প্রত্যাহার
ফেনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একজন ম্যাজিস্ট্রেটসহ তিন ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনায় ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল ইসলাম ফেনী পৌঁছেছেন। এ ছাড়া ফেনীর পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ও একজন গোয়েন্দা কর্মকর্তাকে (ডিআইও-১) সদস্য করে তিন সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর মডেল থানা ফটকে একটি নির্মাণাধীন ঘর ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ও ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের মধ্যে তর্কবিতর্ক, হাতাহাতি এবং ম্যাজিস্ট্রেট ও দুই ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ওই ঘটনায় ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনকে সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসের সঙ্গে সংযুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা কর্মকর্তাকে (ডিআইও-১) সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে ফেনী পৌঁছেছেন এবং বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ওই দিনের ঘটনা সম্পর্কে জেনেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ও অপর ভূমি কর্মকর্তারা ফেনী সদর মডেল থানার ফটকে নির্মাণাধীন একটি ঘর ভাঙতে যান। ওই জমিটির ওপর পুলিশের দাবি ছিল। যা নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এ নিয়েই পুলিশ ও ম্যাজিস্ট্রেটের মধ্যে তর্কবিতর্ক ও ঝগড়া এবং পরে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছনার ঘটনা ঘটে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল ইসলাম গতকাল বিকেলে ফেনী সার্কিট হাউসে লাঞ্ছনার শিকার ব্যক্তি ও উপস্থিত কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও সহকারী ভূমি কমকর্তা সমিতির সভাপতি করিমুল্লাহ মজুমদার জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।