ফেনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ তিন কর্মকর্তা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার, ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও রাজস্ব বিভাগের কর্মচারীরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ফেনী শহরের ট্রাংক রোডে মডেল থানার ফটকে হাজির হন। সেখানে গিয়ে ইউএনও শাহীন আক্তার সড়কের পাশে নির্মাণাধীন একটি ঘর ভাঙার নির্দেশ দেন। এ সময় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সেখানে হাজির হয়ে নির্মাণাধীন ঘরটি না ভাঙার জন্য ইউএনওকে অনুরোধ করেন। এ সময় ওসি বলেন, ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ওসি নাজিম উদ্দিনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশসহ অপর কয়েকজন ব্যক্তি ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, ফেনী পৌর ভূমি কর্মকর্তা আবদুল মতিন ও সার্ভেয়ার খাদেমুল ইসলামকে লাঞ্ছিত করেন।ইউএনও শাহীন আক্তার প্রথম আলোকে বলেন, গত বুধ ও বৃহস্পতিবার তাঁরা ফেনী-কুমিল্লা সড়কের পাশে খাসজমিতে অবৈধভাবে নির্মিত কমপক্ষে ৭০টি স্থাপনা ভেঙে দিয়েছেন। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী মডেল থানার ফটকে একটি অবৈধ স্থাপনা ভাঙতে গেলে পুলিশ এতে বাধা দেয় এবং ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তাসহ তিনজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি তিনি লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছেন। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট সচিবসহ বিভিন্ন দপ্তরেও অবহিত করা হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে এ ব্যাপারে মামলা করা হবে। ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, থানার ফটকে নির্মাণাধীন একটি স্থাপনার জমির মালিকানা নিয়ে মামলা চলছে। এ অবস্থায় ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) তাঁদের লোকজন নিয়ে ওই স্থাপনা ভাঙতে যান। ওই সময় তিনি তাঁদের ওই স্থাপনা ভাঙতে নিষেধ করেন।ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, এর আগে যাঁদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তাঁরাই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছেন। ফেনী জেলা ভূমি কর্মকর্তা (তহশিলদার) সমিতির সভাপতি করিম উল্যাহ মজুমদার বলেন, ম্যাজিস্ট্রেটসহ তিনজনের ওপর হামলা ও তাঁদের লাঞ্ছিত করার ঘটনায় রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাঁরা বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।