ফেনীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কাটা মোবারক ঘোনা গ্রামে আজ রোববার সকালে জিয়াউল হক (২৭) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের অলি আহম্মদের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

অলি আহম্মদ অভিযোগ করে প্রথম আলোকে বলেন, গতকাল (শনিবার) মমিন একজনের মোবাইল ফোন চুরি করেন। সন্ধ্যায় সালিসের মাধ্যমে বিষয়টির মীমাংসাও হয়। কিন্তু আজ সকালে গ্রামের চায়ের দোকানে মমিনের উপস্থিতিতে গতকালের চুরির প্রসঙ্গটি তোলেন জিয়াউল। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে মমিন জিয়াউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় দোকানে থাকা স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জিয়াউলকে উদ্ধার করে ফেনীর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোর কাছে জিয়াউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।