ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা কামরুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গত শুক্রবার রাতে পাঁচগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে প্রতিপক্ষ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ওই বাজারের চায়ের দোকানদার ওবায়দুল হকের ওপর হামলা চালায় ৬ নম্বর পশ্চিম বিজয় সিংহ ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকেরা। খবর শুনে ওবায়দুলের ছেলে কামরুল ইসলাম (২২) তাঁকে রক্ষার জন্য এগিয়ে আসেন। এ সময় ওই সমর্থকেরা কামরুলকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করতে গেলে কামরুলের মামা জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমানকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে পরাজিত সদস্য পদপ্রার্থী নিজাম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নির্বাচন-পরবর্তী সহিংসতায় কামরুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তিনি পুলশকে নির্দেশ দিয়েছেন। গতকাল রাত ১১টার দিকে ফেনী থানার ওসি নিজামউদ্দিন বলেন, মামলা প্রস্তুতি চলছে। চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫: এদিকে শুক্রবার রাতে একই উপজেলার কালীদহ ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামাল মোর্শেদসহ পাঁচজন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে আটটার দিকে কামাল মোর্শেদ গোবিন্দপুর বাজারের একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন সমর্থক তাঁদের গালাগালি করেন। একপর্যায়ে তাঁরা কামালের ওপর হামলা চালান। এ সময় কামালের সমর্থকেরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে কামাল মোর্শেদসহ পাঁচজন আহত হন। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার আটটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।