ফেনীতে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছনা করার অভিযোগ
ফেনীর স্থানীয় একজন সাংবাদিক গতকাল সোমবার জেলা যুবদলের এক নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত সংবাদ পছন্দ না হওয়ায় তিনি লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ওই সাংবাদিকের নাম নুর নবী। তিনি ফেনীর স্থানীয় সাপ্তাহিক পত্রিকা স্বদেশ পত্রর সম্পাদক। নুর নবী অভিযোগ করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী গতকাল দুপুরে জেলা জজ আদালত চত্বরে তাঁর পত্রিকায় বিএনপির একাধিক প্রার্থী-সম্পর্কিত একটি খবর কেন প্রকাশ করা হয়েছে, তা জানতে চেয়ে তাঁর ওপর চড়াও হন। এ সময় উপস্থিত অন্যরা তাঁকে উদ্ধার করেন।অবশ্য আনোয়ার হোসেন পাটোয়ারী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নুর নবীকে লাঞ্ছনা করেননি। নুর নবী তাঁর বন্ধু। তিনি তাঁকে প্রকাশিত সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন মাত্র।এদিকে ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী প্রেসক্লাবের নেতারা সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানান।