ফেনীতে যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা মোটরসাইকেলে আগুন
ফেনীতে গত শনিবার রাতে একদল সন্ত্রাসী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকারের ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং যুবদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।এর প্রতিবাদে গতকাল রোববার বিকেলে যুবদলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের ট্রাংক রোডের মুক্তবাজারে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকারের এনকে টেলিকম ও এনকে ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে হামলা করে। সন্ত্রাসীরা এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নাসির উদ্দিনের মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। নাসির উদ্দিন খোন্দকার জানান, ঘটনার সময় তাঁর প্রতিষ্ঠানটি বন্ধ ছিল এবং তিনি নিজেও ঢাকায় ছিলেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তাঁর প্রতিষ্ঠানে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন। ফেনী মডেল থানার উপপরিদর্শক ইকবাল বাহার জানান, রাতে হামলা-ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের সংবাদ শোনার পর তিনিসহ পুলিশ এবং দমকল বাহিনী সেখানে পৌঁছে ঘটনার সত্যতা দেখতে পায়।