দুই পক্ষের হাতাহাতির কারণে গতকাল শুক্রবার বিকেলে ফেনী জেলা যুবদল আয়োজিত সমাবেশ পণ্ড হয়ে গেছে। দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের নাম ঘোষণা করেন। তখন জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ ওরফে মানিক নিজে বক্তৃতা দিতে চান। কিন্তু সাধারণ সম্পাদক আনোয়ার পাটোয়ারী এতে রাজি না হলে গাজী মানিকের সমর্থকেরা হইচই শুরু করেন। এ সময় উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সভা পণ্ড হয়ে যায়। জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ বলেন, সমাবেশ যারা আয়োজন করেছে, তাদের কাউকে বক্তৃতা দিতে না দেওয়ায় সাধারণ কর্মীরা ক্ষিপ্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন। তিনি বলেন, পরে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে একটি পৃথক সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সময়স্বল্পতার কারণে সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল না। এ কারণে কেউ হয়তো অসন্তুষ্ট হতে পারেন। তাঁর দাবি, সমাবেশে কোনো বিশৃঙ্খলা হয়নি।