ফেনীতে যুবলীগ নেতা গোয়ালন্দে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। একই দিন রাজবাড়ীর গোয়ালন্দে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:ফেনী: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর হানিফ ওরফে টিপু (৩২) গত সোমবার রাত আটটার দিকে পাঁচগাছিয়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাতে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইউছুপ (২৬) নামের একজনকে আটক করেছে। এ ব্যাপারে ওমর হানিফের মা ফিরোজা বেগম বাদী হয়ে স্থানীয় যুবলীগের কর্মী বাবুল, মিন্টু, রতন ও ফারহানের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে ফেনী থানায় মামলা করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী): গত সোমবার বিকেল চারটার দিকে গোয়ালন্দের চর ফকিরাবাদ গ্রামের পরশ আলী শেখের (৩০) সঙ্গে স্ত্রীর ঝগড়া বাধে। একপর্যায়ে পরশ আলী স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় পরশের বাবা নায়েব আলী শেখ (৮৫) ঘটনাস্থলে ছুটে এলে পরশ বঁটির সঙ্গে থাকা কাঠের অংশ দিয়ে নায়েব আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর জখম নায়েব আলীকে হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই পরশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নায়েব আলীর বড় ছেলে বাবলু শেখ বাদী হয়ে গতকাল মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ধারণা, পরশ মানসিকভাবে অসুস্থ।