ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
ফেনীর সদর উপজেলার নতুন রানীরহাট এলাকায় আজ বুধবার দুপুরে লোকমান হোসেন (৩৫) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আহত লোকমান হোসেনকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের নতুন রানীরহাট এলাকায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের আরেকটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই বিরোধে একটি পক্ষের নেতৃত্বে যুবলীগের স্থানীয় নেতা আবদুর রউফ ও আরেকটি পক্ষের নেতৃত্বে আছেন যুবলীগের আরেক নেতা লোকমান হোসেন।
এর জের ধরে আজ বেলা দেড়টার দিকে রানীরহাটের দোস্ত টেক্সটাইল মিল এলাকায় আবদুর রউফের পক্ষের লোকেরা লোকমানের পক্ষের লোকেদের ওপর হামলা করে। এ সময় লোকমান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আবদুর রউফের লোকেরা। পরে তাঁর সমর্থকেরা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আদেল জানান, যুবলীগের নেতা লোকমান হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে মুঠোফোনে আবদুর রউফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, লোকমান হোসেনকে কুপিয়ে আহত করার কথা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।