ফেনীতে যুবলীগ-সমর্থক দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর একাডেমি এলাকায় গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে যুবলীগ-সমর্থক দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেনী শহরের একাডেমি এলাকায় গতকাল বিকেলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ-সমর্থক দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষ পাঁচ-ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন এনাম, বাপ্পি, মিশু, সাব্বির ও অভিষেক। তাঁদের মধ্যে এনাম ও বাপ্পিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পি অভিযোগ করেন, মিশু ও এনাম পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা ও ককটেল নিক্ষেপ করেছে। এ ব্যাপারে মিশু ও এনাম পক্ষের কারও বক্তব্য জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মাদকসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন থেকে এ দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, এ ঘটনায় পুলিশ এনামসহ পাঁচজনকে আটক করেছে।