ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে গতকাল শনিবার ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের চার কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে উত্তর লক্ষ্মীপুর গ্রামের পরিত্যক্ত একটি মুরগির খামারে বসে ককটেল তৈরি করছিলেন যুবলীগের কয়েকজন কর্মী। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজন মারাত্মক আহত হন। আহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩২), মো. রিপন ওরফে কোটবা রিপন (২৮) ও জামাল উদ্দিন (৩২) এবং পাশের বেদরাবাদ শিলুয়া গ্রামের শাহ আলম (২৮)। সাইফুল ও রিপনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইফুলকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার জানান, তাঁদের মুখমণ্ডল, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
সূত্র জানায়, জামাল উদ্দিন ও শাহ আলমকে প্রথমে গোপনে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আহত ব্যক্তিরা সবাই যুবলীগের কর্মী এবং এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিস্ফোরণে চারজনের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।