ফেনীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ বাজার এলাকায় গতকাল রোববার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাহীগঞ্জ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের স্থানীয় নেতা মাহবুবুল হক ওরফে লিটন ও মেজবাহ উদ্দিন ওরফে সম্রাটের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি এলাহীগঞ্জ বাজারের পাশে মেজবাহ উদ্দিনের উদ্যোগে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আনোয়ার হোসেন ওরফে মানিককে প্রধান অতিথি করা হয়। মাহবুবুল হক ওই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীকে প্রধান অতিথি করায় মাহবুবুল হক ক্ষিপ্ত হন।গতকাল সকালে মেজবাহ উদ্দিনের ছোট ভাই ইমতিয়াজকে (২২) এলাহীগঞ্জ বাজারে একা পেয়ে মাহবুবুল হকের পক্ষের লোকজন তাঁকে মারধর করে। খবর পেয়ে মেজবাহ উদ্দিন (২৮) বাজারে গেলে তাঁকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সোহেল (২২) নামে যুবলীগের এক কর্মীসহ অন্তত তিনজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষ লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের সময় বেশ কটি ককটেলের বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহবুবুল হক ও মেজবাহ উদ্দিনকে আটক করে।ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী ওরফে স্বপন বলেন, দুই পক্ষের সঙ্গে বৈঠক করে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।