ফেনীতে যুবলীগের ৯ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর
ফেনীতে অস্ত্র মামলায় যুবলীগের নয়জন নেতা-কর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বদিউল আলম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুন সোনাগাজীতে একটি সভা শেষে ফেরার পথে ফেনী পৌর এলাকার লালপুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গাড়িবহরে তল্লাশি চালায় র্যা ব। এ সময় পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে র্যা ব। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক দেওয়ান কৌশিক আহম্মদ ২৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সিআইডির ফেনী জেলার কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মামলার অপর ১৭ আসামিকে প্রয়োজনে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে আদেশ দিয়েছেন আদালত।
আদালত যে নয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন তাঁরা হলেন ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ছালে আহম্মদ ওরফে মিন্টু মেম্বার, ফুলগাজী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল করিম ওরফে রাজীব, দরবারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম ওরফে বাচ্চু, মুন্সিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফরিদ এবং যুবলীগের কর্মী মো. আশ্রাফুল ইসলাম ওরফে মাসুম, আবু বক্কর ছিদ্দিক ওরফে শুভ, আবু ইউছুপ ওরফে ডলার, মাঈন উদ্দিন ও মো. সরওয়ার হোসেন।