ফেনীতে যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যৌতুকের জন্য আসমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে গত বুধবার রাতে শ্বশুরবাড়িতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফেনী মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় পর থেকে শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় আসমা আক্তারের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে তাঁর শাশুড়িসহ ছয়জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মনোয়ারা বেগম (২৭) নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের মৃত সামছুল হকের আবুধাবিপ্রবাসী ছেলে মাইন উদ্দিনের সঙ্গে চার বছর আগে পাশের ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে আসমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মাইন উদ্দিন প্রবাসে চলে যান। আসমার বাবা গিয়াস উদ্দিন দাবি করেন, বিয়ের সময় নগদ টাকা ও জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকা যৌতুক হিসেবে মাইন উদ্দিনের পরিবারকে দেওয়া হয়। জামাতা বিদেশে চলে যাওয়ার পর তাঁর মা আনোয়ারা বেগমসহ পরিবারের অন্যরা আবারও মোটা অঙ্কের যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি মোবাইল ফোনে তাঁর স্বামীকেও জানানো হয়। কিন্তু অত্যাচার-নির্যাতন কমেনি। বরং তাঁদের ছেলেকে কেন জানানো হলো— সে কারণে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। আসমার বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করেন, গত বুধবার রাতে তাঁর মেয়েকে শ্বশুরবাড়িতে মারধর করা হয়। এতে সে মারা যায়। তারপর তাকে গলায় ওড়না পেঁচিয়ে আধা ঝুলন্ত অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে তারা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়।ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক ইকবাল বাহার চৌধুরী গৃহবধূ আসমার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের ও মনোয়ারা বেগম নামে এজাহারনামীয় একজন নারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।