ফেনীর দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার রায় আগামী ১৮ এপ্রিল ঘোষণা করা হবে। গতকাল সোমবার ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম মামলার রায়ের তারিখ ঘোষণা করেন।গতকাল সকাল সাড়ে আটটায় আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কড়া পাহারায় ৬২ জন আসামিকে ফেনী কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে ৪০ জন আসামি তাঁদের অপরাধ স্বীকার করে মৌখিক ও লিখিত বক্তব্য দিয়ে তাঁদের চাকরিতে পুনর্বহালের আবেদন করেন।সিপাহি মো. আল আমিন নিজের অপরাধ স্বীকার করে আদালতকে জানান, বিডিআরে যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায় বিদ্রোহের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় সিডরে পটুয়াখালীতে তাঁর ঘরবাড়ি ভেঙে গেছে। বৃদ্ধ বাবা রিকশা চালান। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।দোষ স্বীকারকারী আরেক সিপাহি আমিনুল ইসলাম ডাকুয়া আদালতকে জানান, ২০০৭ সালে তাঁর একটি ছেলে মারা গেছে। এরপর তাঁর দুটি মেয়ে মারা গেছে। তিনি জ্যেষ্ঠদের আদেশে অস্ত্র ও গুলি নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা জুনিয়র, আমাদের কিছুই করার ছিল না।’বিডিআরের অভিযুক্ত ৬২ জনের মধ্যে চারজন নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ৫৮ জনের মধ্যে এর আগে গত রোববার ১৮ জন আদালতের কাছে দোষ স্বীকার করে লিখিত ও মৌখিক বক্তব্য দিয়েছিলেন।আদালতের সরকারি কৌঁসুলি ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, দাবি আদায়ের নামে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা বিডিআরের অতীত সব গৌরব কালিমায় ঢেকে দিয়ে এক কলঙ্কময় অধ্যায় রচনা করা হয়েছে। সেখানে শুধু ৫৭ জন সেনা কর্মকর্তাই জীবন দেননি, বিডিআরের যেসব সদস্য তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন, তাঁদেরও হত্যা করা হয়। তিনি বলেন, আসামিরা অস্ত্র ও গোলাবারুদের অবৈধ দখল নিয়ে পাগলা ঘণ্টা ও বাঁশি বাজিয়ে ফাঁকা গুলি ছুড়ে ব্যাটালিয়নে এক নৈরাজ্য সৃষ্টি করেছিলেন। তাঁদের অপরাধ ক্ষমার অযোগ্য। তিনি তাঁদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।পরে হাবিলদার রুহুল আমিন, সিপাহি মিজানুর রহমান, সিপাহি বশির আহম্মদ ও সিপাহি মহিউদ্দিন রনি আবারও নিজেদের আদালতে নির্দোষ দাবি করে সরকারি কৌঁসুলির বক্তব্য খণ্ডনের চেষ্টা করেন।এ সময় আদালত অন্য আসামিদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। তাঁরা কৌঁসুলির বক্তব্যের পর আর কোনো বক্তব্য নেই বলে আদালতকে জানান।দুপুর ১২টা ২০ মিনিটে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম আদালত আগামী ১৮ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। তিনি ওই দিন মামলার রায় দেওয়া হবে বলে ঘোষণা দেন। আদালতে বিচারকাজে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ফরহাদ আহম্মদ এবং আদালতের সদস্য হিসেবে বিডিআরের দুজন কর্মকর্তা লে. কর্নেল মো. আখতারুজ্জমান ও মেজর মো. মাকসুদ আলম।