ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় বসবাসকারী রেলওয়ের ১১০০ অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরকালীন ভাতা (পেনশন) তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব কর্মচারী নিয়ম অনুযায়ী ফেনী রেলওয়ে স্টেশন থেকে তাঁদের ভাতা তোলেন। তাঁদের ভাতা পরিশোধ করা হয় স্টেশনের মাসিক আয় থেকে। কিন্তু বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্টেশনের আয় দিয়ে শতভাগ কর্মচারীর ভাতা পরিশোধ সম্ভব হচ্ছে না। প্রতি মাসেই ভাতা না নিয়ে ফিরে যাচ্ছেন কেউ না কেউ।
ফেনীর রেলওয়ে স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী স্টেশনের মাসিক আয় বর্তমানে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। কিন্তু প্রতি মাসে কর্মচারীদের ভাতার পরিমাণ দাঁড়ায় ৭৫ লাখ টাকা। ফলে ঘাটতি থাকছে ৩০ লাখ টাকা। এ কারণে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীকে ফিরিয়ে দিতে হয়। অনেকেই তিন থেকে পাঁচ মাসের পেনশন ভাতাও পাননি।
গত ২৯ এপ্রিল দুপুরে ফেনী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, কয়েক শ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আর তাঁদের স্ত্রী পেনশনের টাকা তুলতে ভিড় করেছেন স্টেশনে। তাঁদের অনেকে টাকা না পাওয়ার কথা জানান। পেনশন নিতে আসা দিলারা রহমান মজুমদার (বই নম্বর: ১৬৯৬) ও সালেহা আক্তার (বই নম্বর: ১২১৭) অভিযোগ করেন, তাঁরা গত চার মাস পেনশনের টাকা পাননি। তাঁদের মতো আরও বহু নারী-পুরুষ মাসের পর মাস পেনশনের ভাতা তুলতে পারছেন না।
দিলারা রহমান মজুমদার জানান, তিনি ফেনীর পরশুরামের বাঁশপদুয়া গ্রাম থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকালে পেনশনের টাকার জন্য এসেছেন। এর আগেও গত তিন মাস স্টেশনে এসে পেনশনের টাকা তুলতে পারেননি।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে কুলাসার গ্রামের আরাধন বিয়া জানান, তিনি গত তিন মাস ফেনী এসে স্বামীর পেনশনের টাকা তুলতে পারেননি। পেনশনের টাকা পাবেন এ আশায় বাড়ির অন্য একজন থেকে টাকা ধার করে ফেনী এসেছেন। কিন্তু এসে টাকা তুলতে পারেননি। বাড়ি গিয়ে ধারের টাকা কীভাবে শোধ করবেন—সেটাই ভাবছেন এখন।
সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা নুর করিম জানায়, তাঁর বাবা নজির আহম্মদের মৃত্যুর পর মা অজিবা খাতুন (বই নম্বর: ১৩) পেনশন পেতেন। মা জীবিত অবস্থায় পাঁচ মাসের পেনশনের টাকা পাননি। মায়ের মৃত্যুর পর আর কেউ পেনশনের টাকার দাবিদার হতে পারে না। তাই ওই টাকা আর পাওয়া যায়নি।
এ অবস্থায় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ পরিষদ ফেনী শাখার পক্ষ থেকে সভাপতি বোরহান উদ্দিন রেলওয়ের প্রধান অর্থ উপদেষ্টার (পূর্ব) সহযোগিতায় ও পে সহকারীর মাধ্যমে পেনশন ভাতা বিতরণের দাবি জানিয়েছেন।
তাঁরা জানান, রেলওয়ের প্রধান অর্থ উপদেষ্টার (পশ্চিম) সহযোগিতায় পার্বতীপুর, বোনারপাড় রেলস্টেশনে ওই এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের টাকা পে সহকারীর মাধ্যমে প্রদান করা হয়। ফেনীতেও চট্টগ্রাম থেকে পে সহকারীর মাধ্যমে পেনশনের টাকা প্রদান করতে কোনো সমস্যা থাকার কথা নয়। এ ব্যাপারে তাঁরা রেলওয়ের প্রধান অর্থ উপদেষ্টার (পূর্ব) সহযোগিতা কামনা করেন।
ফেনীর স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান জানান, ৩০ লাখ টাকার ঘাটতির বিষয়টি তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন এবং চট্টগ্রাম থেকে পে সহকারীর মাধ্যমে পেনশনের টাকা পরিশোধের কথা বলেছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে রেলওয়ের পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার বলেন, পেনশনভোগীরা যাতে নির্বিঘ্নে টাকা পান সে জন্য স্টেশন থেকে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এ ক্ষেত্রে স্টেশনের আয়ে যদি ঘাটতি থাকে সেই সমস্যাও দ্রুত সমাধান করা হয়। সমস্যা হলেও কারও পেনশন হয়নি। এ বিষয়ে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।