ফেনীতে রোগী মৃত্যুর ঘটনায় এক চিকিৎসককে বদলি
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর ঘটনায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের মিয়াজীকে বদলি করা হয়েছে। গত রোববার চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক মো. আবু তাহের এ বদলির আদেশ দেন। অভিযুক্ত চিকিৎসক আবুল খায়েরকে পাশের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হিসেবে বদলি করা হয়েছে।১০ ফেব্রুয়ারি সকালে ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের বৃদ্ধ নূর আহম্মদকে অসুস্থ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়েরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। তিনি ৩০০ টাকা ফি নিয়ে রোগীকে ব্যবস্থাপত্রসহ কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। সে সময় কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হিসেবে ছিলেন রেবেকা সুলতানা। রাত সাড়ে আটটা পর্যন্ত চিকিৎসক রেবেকা কিংবা আবুল খায়ের মিয়াজীর কেউই ওই রোগীকে দেখতে যাননি। রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত সেবিকারা দুই চিকিৎসককে বারবার অনুরোধ করেন রোগীকে দেখতে। রাত সাড়ে আটটার কিছু পরে রোগীর মৃত্যু হয়।