ফেনীতে সংস্কারের নামে দীর্ঘ ছয় বছর আগে ভেঙে ফেলা শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণের দাবিতে গতকাল বুধবার প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা শহরে মানববন্ধন ও জেলা পরিষদ প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, শহীদ জহির রায়হান মিলনায়তনটি ছিল জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। ২০০৮ সালে সংস্কারের নামে এটি ভেঙে ফেলা হয়। তারপর নতুন করে নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ ও নকশা অনুমোদনকে কেন্দ্র করে কেটে গেছে ছয় বছর। বিকল্প ব্যবস্থা না থাকায় গত ছয় বছরে ফেনীর সাংস্কৃতিক অঙ্গনে দেখা দেয় স্থবিরতা।
শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় ফেনী বন্ধুসভার সদস্যরা শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে।
এ সময় বন্ধুসভার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় মিলনায়তন দ্রুত পুনর্নির্মাণের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন হাজি আলা উদ্দিন, আবু তাহের, নুরুল করিম মজুমদার, শাহাদাত হোসেন, নাজমুল হক, লায়ন আনোয়ার হোসেন, মহিবুর হক চৌধুরী, নাসির উদ্দিন সাইমুম প্রমুখ।