ফেনীতে গতকাল শুক্রবার সকালে শিবিরের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবিরের কর্মীরা শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের চেষ্টা ও বোমাবাজি করেন। এতে ফেনী-কুমিল্লা সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের কর্মীরা শহরের মদিনা বাসস্ট্যান্ডসংলগ্ন ফালাহিয়া এলাকায় জড়ো হচ্ছে মর্মে সংবাদ জানার পর পুলিশ সেখানে পৌঁছে এবং তাঁদের কোনো ধরনের সভা-সমাবেশ না করে চলে যেতে বলে। এ সময় নাজমুল আহসান (২৭) নামের ছাত্রশিবিরের ফেনী শহর শাখার প্রকাশনা সম্পাদককে পুলিশ আটক করে।
এতে শিবিরের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফেনী-কুমিল্লা সড়কের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি, ইট ফেলে ও সড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেন এবং অন্তত পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ছাড়াও বেশ কিছু বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। পুলিশ এ সময় আবারও তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ফেনী-কুমিল্লা সড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শামসুল আলম সরকার অবৈধভাবে সমাবেশের চেষ্টা করায় একজন শিবিরের নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।