ফেনীতে শিবির-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার খবরে মঙ্গলবার রাতে ফেনী শহরে তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় বিজিবি, র‌্যাব ও পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আবদুল্লা আল সালমান (১৭) নামের শিবিরের একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এদিকে পুলিশের গুলিতে শিবিরের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি তারেক মাহমুদ হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিভাজকের কিছু অংশ ভেঙে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা এ সময় টেলিফোন ভবনের সামনে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং টিঅ্যান্ডটি অফিস, সরকারি গণগ্রন্থাগার, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে হামলা-ভাঙচুর করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে ও পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে একটি বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা মহাসড়কে গাছের গুঁড়ি দিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ১০টি শটগানের গুলি ছোড়ে।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত-শিবিরের কর্মীদের অপর একটি অংশ রাতে শহরের মদিনা বাসস্ট্যান্ড ও খাজুরিয়া এলাকায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে গাড়ির কিছু অংশ পুড়ে যায়। এ সময় শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আটটি শটগানের গুলি ছোড়ে। রাতে শিবিরের কর্মীরা শহরের মিজান রোডের মোড়ে সোনালী ব্যাংকে হামলার চেষ্টা করেন। এ সময় পুলিশ ১০টি চায়নিজ রাইফেলের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। গভীর রাত পর্যন্ত একই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া চলে। রাতে পুলিশ শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার শিবিরের কর্মীরা শহরের মদিনা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পাঁচটি রিকশা পুড়িয়ে দেন। রাস্তায় রাস্তায় ইট ফেলে অবরোধ করা হয়।
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এসব ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে।