ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ফেনী-পরশুরাম সড়কের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম থেকে পরশুরামগামী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী পরশুরাম উপজেলার রামপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ফয়েজা আক্তার (৫৫) ও ধনিকুন্ডা গ্রামের আনোয়ার আলীর স্ত্রী বকুল আক্তার (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ইসমাইল হোসেন (২৭) ও দুই যাত্রী আহত হন। ইসমাইলকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আবদুল কাদের ও আইয়ুব আলীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরশুরাম মডেল থানার উপপরিদর্শক মো. রহমত উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।