ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীতে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম জামশেদ (২৬) ও কাজী মফিজুর রহমান (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি দ্রুতগামী কভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা (উল্লাপাড়া) গ্রামে। এদিকে সকাল নয়টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের বাংলাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পোশাকশ্রমিক কাজী মফিজুর রহমান নিহত হন। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী এবং ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।