ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কালিপাল নামক স্থানে গতকাল শুক্রবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে হাজি কালা মিয়া মার্কেট নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাককে অপর একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে চালক ও সহকারী মারাত্মকভাবে আহত হন। পুলিশ তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা দুজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের নূরনবীর ছেলে মোহাম্মদ মোর্শেদ (৩৩) এবং ওই ট্রাকের সহকারী একই উপজেলার বাকীপুর গ্রামের শামছুল হকের ছেলে নুরুল ইসলাম (৩২)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মদ পাঠান দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে।