ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে থাকতে মানা
ফেনী শহরে আজ সোমবার সন্ধ্যার পর থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া শিক্ষার্থীদের বাড়ির বাইরে থাকতে নিষেধ করেছে প্রশাসন। এ জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে শহরে মাইকিং করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে ফেনী শহরে শিক্ষার্থীসহ কিছু তরুণকে সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন সড়কে ও পাড়ায় অহেতুক ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কিছু তরুণ নারী উত্ত্যক্ত, মাদক সেবন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
২০ নভেম্বর শহরের পাঠানবাড়ী এলাকায় নারী উত্ত্যক্ত, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তারা সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে যৌক্তিক কারণ ছাড়া বাড়ির বাইরে থাকতে না পারে, সে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি দাবি জানান। সভায় উপস্থিত স্থানীয় সাংসদ, পৌর মেয়রসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানান।
২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার পর থেকে যৌক্তিক কারণ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে বাড়ির বাইরে না থাকে, সেই ব্যবস্থা নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক। তিনি বলেন, সন্ধ্যা সাতটার পর যৌক্তিক কারণ ছাড়া স্কুল-কলেজের কোনো শিক্ষার্থীকে বাড়ির বাইরে পাওয়া গেলে পুলিশ তাদের আটক করতে বাধ্য হবে।
এ ব্যাপারে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার।
এ সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানোর জন্য কয়েক দিন ধরে শহরে মাইকিং করা হচ্ছে।
নারী উত্ত্যক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০১ সালে ফেনীর তৎকালীন জেলা প্রশাসক এ এস এম সোলায়মান চৌধুরীও একই ব্যবস্থা নিয়েছিলেন। তখন এর কিছু সুফলও পাওয়া যায়।