ফেনীতে সফি উল্লা হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর মুক্তিযোদ্ধা সফি উল্লা হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন ও তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম হারুনুর রশিদ গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে মো. সেলিম ও বাচ্চু মিয়া বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং অপর ছয় আসামি মো. ফারুক, মোশারফ হোসেন ওরফে রুবেল, আনোয়ার হোসেন ওরফে সুমন, নাসির উদ্দিন, জামসেদ আলম ওরফে কিরণ ও মো. ইসমাইল পলাতক রয়েছেন। বেকসুর খালাস পেয়েছেন জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও জসিম উদ্দিন। মামলার বিবরণ থেকে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর ডুব্বা গ্রামের অধিবাসী ও মুক্তিযোদ্ধা সফি উল্লার কাছে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী তাদের কিছু টাকা দেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁর কাছে আরও চাঁদা দাবি করে। ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি সকালে সফি উল্লা স্থানীয় আহামঞ্চদপুর মানু মিয়ার বাজারে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে। এ সময় তিনি স্থানীয় মাদ্রাসার অফিসকক্ষে আশ্রয় নেন। সন্ত্রাসীরা পিছু ধাওয়া করে তাঁকে মাদ্রাসার কার্যালয়ে ঢুকে মুখে বন্দুকের নল ঢুকিয়ে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। মামলার রায় শোনার পর সফি উল্লার ছেলে মো. হানিফ তাঁর প্রতিক্রিয়ায় জানান, তিনি এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। তিনি উচ্চ আদালতে সাজা বৃদ্ধির জন্য আপিল করবেন।