ফেনীতে সাংবাদিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন করেছে।
সকালে এক পক্ষ টেলিভিশন সাংবাদিক ফোরামের ব্যানারে এবং বিকেলে অপর পক্ষ ফেনী প্রেসক্লাবের ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করে।
ফেনী প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মীর হোসেন, রবিউল হক, শওকত মাহমুদ, নাজমুল হক, আরিফুর রহমান ও আবু তাহের ভূঞা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নুরুল করিম মজুমদার।
টেলিভিশন সাংবাদিক ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আজাদ মালদার। এতে বক্তব্য দেন ওসমান হারুন মাহমুদ, শাহজালাল, শুকদেব নাথ, যতন মজুমদার, জহিরুল হক, হাবিবুর রহমান খান ও আবুল কাশেম চৌধুরী।
উভয় পক্ষের বক্তারা ২ মে ফেনী প্রেসক্লাবে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রেসক্লাবের গঠনতন্ত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি শিথিল ও কমিটি গঠনকে কেন্দ্র করে গত ডিসেম্বর থেকে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষ প্রেসক্লাবের গঠনতন্ত্র থেকে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত ধারা তুলে দেওয়ার দাবি তুলেছে। অপর পক্ষ তা বহাল রাখার পক্ষে।
ফেনী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, ন্যূনতম স্নাতক পাস ছাড়া কেউ সদস্য হতে পারবেন না।