ফেনীতে সাইফুলকে হত্যা ৭৬ দিন পর লাশ উদ্ধার
পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭৬ দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী থানার পুলিশ ফেনীর ব্যবসায়ী সাইফুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করেছে। গত ৬ সেপ্টেম্বর তিনি পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সামসুল আলমের নেতৃত্বে ফেনী থানার পুলিশ ফেনী সদর উপজেলার দক্ষিণ লেমুয়া গ্রামের একটি গর্ত থেকে তাঁর লাশ উত্তোলন করে। গত বুধবার রাতে ফেনী থানার পুলিশ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত বিমল চন্দ্র দাস নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তিমতে এবং তাঁকে সঙ্গে নিয়ে তাঁর (বিমল) বাড়ির পেছনের একটি গর্ত থেকে সাইফুলের লাশ উত্তোলন করা হয়।ফেনী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে বিমল জানান, সাইফুল ইসলামের সঙ্গে লেমুয়া গ্রামের পোলট্রি খামার ব্যবসায়ী আলী আকবরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সাইফুল লেমুয়ার আলী আকবরের কাছে ১৭ লাখ টাকা পাওনা ছিলেন। পাওনা টাকার জন্য বারবার চাপ দিতে থাকায় একপর্যায়ে আলী আকবর তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সে পরিকল্পনা অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর সাইফুলকে টাকা পরিশোধের কথা বলে এবং সাইফুলের কাছে থাকা আলী আকবরের অলিখিত স্ট্যাম্পসহ লেমুয়া নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জমান তালুকদারসহ একসঙ্গে দুপুরের খাবার খান। বিকেলে সাইফুলকে আলী আকবরের পোলট্রি খামারে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়। তখন সেখানে আলী আকবর, জালাল আহম্মদ, সঞ্জয় ও বিমল ছিলেন।