ফেনীতে সালিসকে কেন্দ্র করে আহত যুবলীগের কর্মীর মৃত্যু
ফেনীর শর্শদীতে সালিসকে কেন্দ্র করে আহত যুবলীগের কর্মী ১২ দিন পর গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গত ২৫ সেপ্টেম্বর সালিসকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন স্থানীয় যুবলীগের কর্মী ও দক্ষিণ খানেবাড়ী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুস সোবহান (২৫)। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি চমেক হাসপাতালে মারা যান। সোবহান আহত হওয়ার ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল অফসার প্রথম আলোকে জানান, এলাকায় নতুন করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।