ফেনীতে সাড়ে চৌদ্দ হাজার মুরগীর বাচ্চা আটক
ফেনীর ছাগলনাইয়া সীমান্তের ফেনী নদীর সোনাপুর ঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা চোরাচালানির মাধ্যমে আনা সাড়ে ১৪ হাজার এক দিনের মুরগির বাচ্চা উদ্ধার করেছেন। উদ্ধার করা মুরগির বাচ্চাগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন মধুগ্রাম বিওপির বিজিবির সদস্যরা ছাগলনাইয়া উপজেলার অলিনগর সীমান্তের ফেনী নদীর সোনাপুর ঘাটসংলগ্ন এলাকায় চোরাচালানির মাধ্যমে আনা একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৫০০টি এক দিনের ভারতীয় মুরগির বাচ্চা উদ্ধার করেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সেখান থেকে পালিয়ে যায়।ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. খোরশেদ আলম জানান, মুরগির বাচ্চাগুলোর মধ্যে ফেনীর জায়লস্কর ১৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে নেওয়ার পথে প্রায় দুই হাজার বাচ্চা মারা যায়।ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর জিয়া জানান, আটক মুরগির বাচ্চাগুলোর মধ্যে জীবিত ১২ হাজার ৩৮৫টি বাচ্চা গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন লাখ ৫৬ হাজার ৬৮৫ টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়েছে। ফেনী ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার মুরগির বাচ্চাগুলো উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।