ফেনীতে সিপিবি নেতার বাড়িতে গুলিবর্ষণ
ফেনীতে গত রোববার রাতে খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও জেলা সিপিবির সাবেক সভাপতি জিয়া উদ্দিন চৌধুরীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর শয়নকক্ষ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এতে জানালার একটি অংশ ভেঙে গেছে। তবে তিনি অল্পের জন্য আহত হননি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ১০টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর খানেবাড়ি গ্রামে শিশুকিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ফেনী জেলা সিপিবির সাবেক সভাপতি জিয়া উদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। তারা জিয়া উদ্দিন চৌধুরীর শয়নকক্ষের বাইরে জানালার ওপর গুলি করে। এতে স্টিলের জানালার একটি অংশ ভেঙে যায়। গুলি করার সময় জিয়া উদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী ঘরে থাকলেও তাঁরা আহত হননি।
জিয়া উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, বাড়ির একটি অংশের সঙ্গে তাঁদের জমিসংক্রান্ত বিরোধ ছাড়া এলাকায় রাজনৈতিক বা সামাজিকভাবেও তাঁদের কারও বিরোধ নেই। তা ছাড়া তাঁর শয়নকক্ষের অবস্থান বাইরের কোনো লোকজনের পক্ষ জানা সম্ভব নয়। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গুলির সত্যতা পেয়েছেন।