ফেনীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ঋণের এক কোটি ১৬ লাখ টাকা সাত বছর ধরে অনাদায়ি পড়ে আছে। ঋণ বিতরণ ও আদায়ের দায়িত্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) হলেও অনাদায়ি ঋণ-সম্পর্কিত সব তথ্য অনেক ইউপি কার্যালয়ে নেই।জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্র জানায়, সাত বছরে আদায় হয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকা। অনাদায়ি রয়েছে এক কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৪২ টাকা। কিন্তু ঋণের আসল টাকার উল্লেখ থাকলেও সুদ কত হয়েছে, অথবা বর্তমানে সুদ-আসলে অনাদায়ি টাকার পরিমাণ কত তার কোনো হিসাব নেই।সম্প্রতি ফেনীর ফুলগাজী সদর ইউপি কার্যালয়ে এ ঋণসংক্রান্ত তথ্য জানতে গিয়ে দেখা যায়, সেখানে শুধু ঋণগ্রহীতাদের তালিকা আছে। কারা ঋণ পরিশোধ করেছেন অথবা কারা পরিশোধ করেননি, এর সঠিক তথ্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব জানাতে পারেননি। ইউপি সচিব জাফর আহম্মদ বলেন, তিনি সম্প্রতি বদলি হয়ে ফুলগাজী সদর ইউপি কার্যালয়ে যোগ দিয়েছেন। ১৯৫ জনকে ১২ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হলেও কতজন টাকা পরিশোধ করেছেন, সে হিসাব আগে রেজিস্ট্রারে সঠিকভাবে উল্লেখ করা হয়নি।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান বলেন, এ ঋণ বিতরণ ও আদায়ের দায়িত্ব ইউনিয়ন পরিষদের। উপজেলায় এ ঋণের উপকারভোগীর সংখ্যা ও ঋণ বিতরণ এবং আদায়-সংক্রান্ত কিছু তথ্য থাকলেও সেটা পূর্ণাঙ্গ নয়। দাগনভূঞার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নের ২৬ জনকে দুই লাখ ২০ হাজার টাকা দুর্যোগ ঝুঁকি হ্রাস ঋণ দেওয়া হয়েছিল। তিনি নির্বাচিত হওয়ার পর বারবার তাগাদা দিয়ে ১৩ জনের কাছ থেকে টাকা আদায় করেছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্রের তথ্যমতে, ২০০৪-০৫ অর্থবছরে ফেনী জেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ঋণ হিসাবে এক কোটি ৭০ লাখ টাকা বিতরণ করা হয়। ঋণের শর্ত ছিল, যাঁরা সময়মতো ঋণ পরিশোধ করবেন, তাঁরা মোট ঋণের ৭৫ ভাগ টাকার ওপর শতকরা ৮ টাকা হারে সুদ দেবেন এবং শতকরা ২৫ ভাগ টাকা অনুদান হিসেবে পাবেন। কিন্তু নির্ধারিত সময় ঋণ পরিশোধে ব্যর্থ হলে সমুদয় টাকার ওপরই সুদ প্রযোজ্য হবে এবং সুদ-আসলে একসঙ্গে পরিশোধ করতে হবে। সূত্র জানায়, পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত এ ঋণ দেওয়া হয়েছে। চার কিস্তিতে এক বছরের মধ্যে ঋণ পরিশোধ করার কথা।ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার প্রথম আলোকে বলেন, যাঁরা সময়মতো এ ঋণ পরিশোধ করেননি, তাঁদের সুদসহ সমুদয় টাকা পরিশোধ করতে হবে। প্রয়োজনে টাকা আদায়ের জন্য আইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে।