ফেনীতে স্কুলছাত্র হত্যা একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ হারুনুর রশিদ গতকাল বৃহস্পতিবার এক রায়ে রবিউল আউয়াল নামের একজন স্কুলছাত্রকে হত্যার দায়ে তানভীর আহম্মদ আরফিন (১৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্র ও আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, ২০০৭ সালের ১৮ মে সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গথিয়া সোনাপুর গ্রামের প্রবাসী আবুল হাসেম ভূঞার ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রবিউল আউয়ালকে পার্শ্ববর্তী বাড়ির নুরুল আমিন ভূঞার ছেলে তানভীর আহম্মদ কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রবিউলের বাবার বিদেশ থেকে পাঠানো একটি মুঠোফোন কেড়ে নেন। এতে রবিউল বাধা দেওয়ার চেষ্টা করে। তখন তানভীর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পর লাশ বাড়ির পাশে পরিত্যক্ত ডোবার নিচে লুকিয়ে রাখেন। এ ঘটনায় রবিউলের মা রুবি আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৪ মে তানভীরকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।