ফেনীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্ত্রী হত্যার দায়ে জাফর উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।ফেনীর অতিরিক্ত দায়রা জজ মুহম্মদ হারুনুর রশিদ গতকাল সোমবার এ রায় দেন। মামলার প্রায় চার বছর পর নিম্ন আদালতে এই রায় ঘোষণা হলো। এ সময় আসামি জাফর আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, প্রায় ১৬ বছর আগে সোনাগাজী উপজেলার চরডুব্বা গ্রামের জাফর উল্লার সঙ্গে একই উপজেলার আহম্মদপুর গ্রামের জাহেদা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জাফর নানা কারণে স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে বহুবার সালিসি বৈঠক হয়েছে। ২০০৮ সালের ১১ এপ্রিল জাফর উল্লাহ স্ত্রী জাহেদা আক্তারকে ঘুমের মধ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই দিনই জাহেদার ভাই মো. শাহিন বাদী হয়ে জাফর উল্লাহকে একমাত্র আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ মে সোনাগাজী থানার এসআই হুমায়ুন কবির আসামি জাফর উল্লাহর বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।