ফেনীতে স্বতন্ত্র সাংসদের খননযন্ত্র পোড়াল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর মালিকানাধীন দুটি খননযন্ত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় ফেনী নদী থেকে দুটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে বালু তুলে আসছিল সাংসদ রহিম উল্যাহর মালিকানাধীন প্রতিষ্ঠান। এসব বালু বিভিন্ন উন্নয়নকাজের ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়। গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মুহুরী প্রজেক্ট এলাকায় খননযন্ত্র দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে খননযন্ত্র দুটি পুড়ে যায়। আগুন দেখে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম, সোনাগাজী সার্কেলের এএসপি জুনায়েদ আহমেদ কায়সার ও সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংসদ রহিম উল্যাহ বলেন, স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের ছত্রচ্ছায়ায় দুর্বৃত্তরা তাঁর দুটি খননযন্ত্র পুড়িয়ে দিয়েছে। এতে তাঁর প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, গত ৭ ডিসেম্বরও দুর্বৃত্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে দুটি খননযন্ত্র ও একটি এক্সকাভেটরে আগুন দিয়েছিল।

সোনাগাজী মডেল থানার ওসি বলেন, পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।