ফেনীতে স্বতন্ত্র সাংসদের গাড়িবহরে তল্লাশি, আটক ৭
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার গাড়িবহরে তল্লাশি চালিয়েছে র্যাব। এ সময় গাড়িবহরের একটি মাইক্রোবাস থেকে চালকসহ সাতজনকে আটক করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী সড়কের লালপুল নামক স্থানে এই তল্লাশি চালানো হয়েছে।
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, সাংসদের গাড়িবহরে অবৈধ অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাসী আছে—এই খবরের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটায় তল্লাশি চালানো হয়। তবে এ সময় কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায়নি। তল্লাশির সময় একটি মাইক্রোবাসের চালকসহ সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়। তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও ডাকাতির অভিযোগে সোনাগাজী থানায় মামলা আছে। আটক অন্যদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাংসদ রহিম উল্যা বলেন, তিনি সোনাগাজীর বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা করেন। পথে লালপুল এলাকায় র্যা বের সদস্যরা তাঁর গাড়িবহরে তল্লাশি চালান। এ সময় বহরে থাকা একটি মাইক্রোবাসের ছয়জন এবং গাড়ির চালককে আটক করে র্যাব।