ফেনীতে স্বাস্থ্যকর্মীসহ দুজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফেনীতে স্বাস্থ্য বিভাগের এক কর্মীসহ দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ল্যাব থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই দুজনের করোনা পজিটিভ উল্লেখ করা হয়। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।

করোনা শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী (৩২) ও অন্যজন ছাগলনাইয়ার মাইক্রোবাসের চালক (৩৫)। এ নিয়ে জেলায় গত ছয় দিনে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন ২১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে দুজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এরপর থেকে তাঁদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন বলেন, জেলায় যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন। তবে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঠিক করা আছে। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

ফেনী স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ৯০৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৬১৬টি নমুনার ফল পাওয়া গেছে।