ফেনীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
নিহত ইমামুল হক রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের শায়েস্তাগঞ্জ গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল সকালে ইমামুল হক বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার বেকের বাজার পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ইমামুল হক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমামুল হক মারা যান।
সহপাঠীরা বলেন, গতকাল সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন ইমামুল হক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল হক বলেন, দুপুরে ইমামুল হককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমামুল হকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীন আখতার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শোক প্রকাশ করেছেন।