ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
ফেনী-নোয়াখালী সড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরে গতকাল শনিবার বিকেলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকেলে দাগনভূঞা থেকে ফেনীগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পারভেজ হোসেনকে (১৮) মৃত ঘোষণা করে। আহত ইফতেখার আলম রাকিব (১৭) ও জুনায়েদ হোসেন জনিকে (১৭) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইফতেখার আলম পথে মারা যায়।
পারভেজ দাগনভূঞা উপজেলার পূর্ব হীরাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং ইফতেখার আলম একই উপজেলার সোনাপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত ও আহত ব্যক্তিরা দাগনভূঞার সিলোনিয়া হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।