ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কালিপালে আজ শুক্রবার দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মোহাম্মদ মোর্শেদ (৩৩) ও তাঁর সহকারী নুরুল ইসলাম (৩২)। মোর্শেদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে। নুরুল ইসলামের বাড়ি একই উপজেলার বাকীপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে কালিপাল হাজি কালা মিয়া মার্কেটের সামনে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি ট্রাককে আরেকটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। পরে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ট্রাক দুটি আটক করেছে পুলিশ। আরেকটি ট্রাকের চালক ও সহকারী পলাতক।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।