ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩
ফেনীতে গতকাল শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের ফেনী সদর উপজেলার লালপুল নামক স্থানে ফেনী থেকে সোনাগাজীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চারজন মারাত্মক আহত হয়। তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে জামশেদ আলম (২৮) নামের একজন মারা যান। অটোরিকশার চালক মো. লিটনসহ (২৯) আহত তিনজনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে গতকাল দুপুর ১২টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় আইরিন আক্তার (৭) নামের একটি শিশুকে একটি হিউম্যান হলার চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। আইরিন ফুলগাজীর ফতেপুর গ্রামের মো. রফিকের মেয়ে। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল শুরু হয়।ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী ও ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।