ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজার এলাকায় মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের তুলাতলী বাজার এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত ও তিনজন মারাত্মক আহত হন। আহত ব্যক্তিদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মো. বাহার মিয়া (৩৭) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাসুদুর রহমান (২৭) ও অটোরিকশার চালক আনোয়ার হোসেন (২৭)।মাসুদুরের বাড়ি দিনাজপুরে। অন্যদিকে আনোয়ারের বাড়ি দাগনভূঞার দক্ষিণ শ্রীধরপুরে ও বাহার মিয়ার বাড়ি উপজেলার আলাইয়ারপুর গ্রামে।দাগনভূঞা থানার পুলিশ গাড়ি দুটি থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।